বনধ নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে সিপিএম - The News Lion

বনধ নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে সিপিএম




দি নিউজ লায়ন ; ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক হাতাহাতি দু'দলের মধ্যে। যারা সংঘর্ষে জড়িয়েছে দু'দলের হাতেই লাল পতাকা। বনধ করা নিয়ে মঙ্গলবার এভাবেই নজিরবিহীন ভাবে সংঘর্ষে জড়ালেন সিপিএম সমর্থকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নদীয়ার শান্তিপুরে  ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সিপিএম এবং ডিওয়াইএফআই। 


অবরোধের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব বনধের সমর্থনে বক্তব্য রাখতে শুরু করেন।আচমকাই দু'দল সিপিএম সমর্থক নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পক্ষ অন্য পক্ষকে কিল-চড়-ঘুসি মারতে শুরু করেন। সঙ্গে বাছা বাছা বিশেষণ। উপস্থিত মহিলা কর্মী সমর্থকরা আতঙ্কে চিৎকার শুরু করেন। দৃশ্যতই হতভম্ব হয়ে যান উপস্থিত সিপিএম নেতৃত্ব। স্থানীয় এক সিপিএম নেতা সংঘর্ষ থামানোর চেষ্টা করলে তাকেই সপাটে চড় কষিয়ে দেয় এক সিপিএম কর্মী। 


ধাক্কাধাক্কিতে আরও বেশ কয়েকজন জখম হয়। পরিস্থিতি বেগতিক দেখে ছুটে আসে পুলিশ। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর সিপিএম নেতৃত্বের এবং পুলিশের চেষ্টায় অবস্থা নিয়ন্ত্রণে আসে। 


কিন্তু কি নিয়ে এই সংঘর্ষ, এ বিষয়ে সিপিএমের পক্ষ থেকে  কিছু বলা না হলেও জানা গিয়েছে জাতীয় সড়ক আটকে দীর্ঘক্ষন অবরোধ করা নিয়ে সিপিএমের কর্মী-সমর্থকরা দ্বিধা-বিভক্ত ছিলেন।এই নিয়েই প্রাথমিকভাবে কথা কাটাকাটি শুরু হয় পরে তা সংঘর্ষের চেহারা নেয়। শেষ পর্যন্ত ঘন্টাখানেক অবরোধ চলার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.