দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করার সঙ্গে সঙ্গে মিলছে শংসাপত্র
দি নিউজ লায়ন ; আবেদন করার মুহূর্তের মধ্যেই হাতে হাতে বিভিন্ন প্রকল্পের শংসাপত্র তুলে দিল পুরসভা ও প্রশাসন। সৌজন্যে দুয়ারে সরকার। বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার ৪ টি ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার জন্য মঙ্গলবাড়ী এলাকার গৌড় চন্দ্র গার্লস হাই স্কুলে সরকারি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট পুরসভা ও প্রশাসনের কর্তারা। সেখানেই বেশকিছু আবেদনকারীদের হাতেই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকল্পের শংসাপত্র ও যথার্থ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে হাতে হাতে শংসাপত্র পেয়ে খুশি প্রকাশ করেছেন উপভোক্তারা। তাঁদের বক্তব্য, যে কাজ এতদিন পুরসভা ও প্রশাসনের কাছে গিয়েও করা যায় নি।
কিন্তু এখন দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী খুব ভালো সুবিধা করে দিয়েছেন সাধারণ মানুষের জন্য পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদা পৌরসভার ১৪, ১৫, ১৬ এবং ১৮ নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের নিয়ে এদিন দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয় গৌড় চন্দ্র গার্লস হাই স্কুলে। সেখানেই এসেছিলে ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ বিবি।
প্রতিবন্ধী ভাতা পেতে দীর্ঘদিন ধরে ঘুরতে হচ্ছিল তাঁকে। আর সেখানেই মুহূর্তের মধ্যেই আবেদনকারীকে শংসাপত্র তুলে দেন পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ। আর হাতেনাতে শংসাপত্র পেয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন মমতাজ বিবি। তিনি বলেন, এতদিন ধরে কষ্ট করে ঘুরে বেরিয়ে কাজ করতে পারি নি। সেই কাজ এক ঝটকায় হয়ে গেল। মুখ্যমন্ত্রী আমাদের মতো মানুষদের কথা ভেবে দুয়ারে সরকার প্রকল্প করে সুবিধা করে দিয়েছেন।
পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকায় উপভোক্তাদের নানান সরকারি প্রকল্পের আবেদন নেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে উপভোক্তাদের হাতে আবেদনের পরিপ্রেক্ষিতে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রকল্পের কাজ পুরাতন মালদা পুরসভার কুড়িটি ওয়ার্ডে পৃথক পৃথক দিনে করা হবে। এদিন উপভোক্তাদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment