ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ - The News Lion

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ




ঢাকা প্রতিনিধি : আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে বাংলাদেশ সরকার। বুধবার অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।  বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল বলেন, বৈঠকে আট প্রস্তাব উত্থাপন করা হলেও সড়ক ও জনপথ বিভাগের দুটি এবং বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে।  


তিনি আরও বলেন, টেবিলে উত্থাপিত ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। যার মূল্য ধরা হয়েছে ১৬৮ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।  সুপারিশকৃত দরদাতা হচ্ছে ভারতের বীরভূমের এমএসপিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড। প্রতি টন চালের দাম ৩৯৭ দশমিক ৭১ মার্কিন ডলার। আর প্রতি কেজি চালের মূল্য বাংলাদেশি টাকায় ভ্যাট ছাড়া ৩৩ দশমিক ৭২ টাকা।  


এর আগে গত ৩ ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে জন্য ৫০ হাজার করে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। তখন প্রতি কেজি চালের দাম ধরা হয়েছিল ৩৪ টাকা ২৮ পয়সা এবং ৩৫ টাকা ২৭ পয়সা।  


আর প্রতি টনে ক্রয়মূল্য যথাক্রমে ৪০৪ দশমিক ৩৫ ও ৪১৬ মার্কিন ডলার। এছাড়া সুপারিশকৃত দরদাতা হচ্ছে ভারতের মুম্বাইয়ে এমএস রিকা গ্লোবাল ইমপ্যাক্টস লিমিটেড ও পশ্চিমবঙ্গের বীরভূমের এমএসপিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.