জেলের মধ্যে খুনোখুনি, বিচারাধীন বন্দিকে পিটিয়ে মারল সাজাপ্রাপ্ত বন্দি
দি নিউজ লায়ন ; জেলের মধ্যে এক বন্দিকে পিটিয়ে খুন করলো আরেক বন্দি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। নিহত বন্দির নাম বাবু শেখ। বয়স ৩৪ বছর। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। মাদক সংক্রান্ত মামলায় সে তিন বছর ধরে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছে। এই খুনের ঘটনায় অভিযুক্ত বন্দির নাম মিঠুন শীল।তার বাড়ি কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকায়।
বেলেঘাটা থানার পুলিশ প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করেছিল। সাত বছরের সাজাপ্রাপ্ত এই বন্দি গত বছরের অগাস্ট মাসে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সংশোধনাগারের ক্যান্টিনে খাবার দেওয়া নিয়ে দু'দল বন্দির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এই সময় মিঠুন বাবু শেখকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ মারের চোটে অচৈতন্য হয়ে পড়ে বাবু। জেল রক্ষী বাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ তার দেহ ময়নাতদন্ত করা হবে বলে জেল সূত্রে জানা গিয়েছে।

Post a Comment