চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - The News Lion

চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ




দি নিউজ লায়ন ;  চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো এক ব্যাক্তির নামে। পুলিস ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনা বর্ধমান থানা এলাকায়। জানা যায়, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে ১ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে। ধৃতের নাম অমরজিৎ রায়চৌধুরি। বর্ধমান শহরের ৩ নম্বর শাঁকারিপুকুর এলাকায় তার বাড়ি। 


পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের ইছলাবাদের বাসিন্দা শুভাশিস মোহন্তকে গত বছর চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অমরজিৎ। চাকরির জন্য তাঁর কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নেয় সে। কিন্তু, শুভাশিসের চাকরি হয়নি। তাঁকে টাকাও ফেরত দেয়নি অমরজিৎ। উল্টে টাকা চাইতে গেলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে পুলিসে অভিযোগ দায়ের করেন শুভাশিস। শুক্রবার ভোরে বাড়ি থেকে পুলিস অমরজিৎ রায়চৌধুরিকে গ্রেপ্তার করে। 


ধৃতের বিরুদ্ধে বীরভূমের বোলপুর আদালতে একটি মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়েছে। পুলিসের দাবি, টাকা আত্মসাতের কথা ধৃত কবুল করেছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। টাকা উদ্ধারের জন্য এবং তদন্তের প্রয়োজনে ধৃতকে ৩ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.