পটাশপুরে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি
দি নিউজ লায়ন ; পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকে বরহাট অঞ্চলের কাটরংকা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি, ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। তৃণমূলের অভিযোগ, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে বিজেপি আশ্রিত কয়েক জন দুষ্কৃতী এসে পার্টি অফিসের উপরে ভাঙচুর ও বোমাবাজি করে।
পার্টি অফিসের ভেতরে থাকা টিভি নিয়ে পালিয়ে যায়। পার্টি অফিসের ভেতরে থাকা আলমারি থেকে কুড়ি হাজার নগদ টাকা চুরি হয়েছে।শাসক দলের দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পটাশপুর সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত অশান্তি পাকাতে চাইছে বিজেপি।
লাগাতার উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এবং এর জেরে স্থানীয় বিজেপি কর্মীরা বহিরাগত দুষ্কৃতীদের এলাকায় ঢুকিয়ে তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। গত কয়েকদিনে বেশ কয়েকবার তৃণমূলের পার্টি অফিস দখলের চেষ্টা করা হয়েছে যদিও পাল্টা প্রতিরোধের মুখে পড়ে পার্টি অফিস দখল করতে পারেনি তারা এবার পার্টি অফিস দখল করতে না পেরে পার্টি অফিসে হামলা চালালো বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
দলীয় নেতাকর্মীদের কোনরকম প্ররোচনায় পা না দিতে বলা হয়েছে তবে বিজেপি যদি তাদের পার্টি অফিস দখলের চেষ্টা করে বা হামলার চেষ্টা করে তবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা বোমাবাজির সঙ্গে জড়িত সঙ্গে তার তদন্ত চলছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে।

Post a Comment