স্বামীকে খুন করে দেহ টুকরো টুকরো করলেন স্ত্রী, ধানতলায় চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; ঘর থেকে খন্ড বিখন্ড দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার ধানতলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম অমল বিশ্বাস (৬৮)। শনিবার সকালে ধানতলা থানার বরণবেড়িয়া গ্রামের মাইল পাড়া এলাকার একটি বাড়ি থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। স্বামীকে খুনের অভিযোগে নিহতের স্ত্রী বীণাপাণি বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ধানতলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তাদের কাছে একটি
অভিযোগ আসে। সেই অভিযোগের তদন্তে গিয়ে পুলিশ অমল বিশ্বাসের কয়েক খণ্ড করা দেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির স্ত্রী বীণাপাণি বিশ্বাস তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন যদিও টানা জেরার মুখে স্বামীকে খুনের কথা স্বীকার করেন বীণাপাণি যদিও কি কারণে এত নৃশংস ভাবে স্বামীকে খুন করলেন সে ব্যাপারে কোনো স্পষ্ট উত্তর তিনি দেননি।
তদন্তকারীদের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় অথবা এমনও হতে পারে প্রথমে শ্বাসরোধ করে অমল বিশ্বাস কে খুন করা হয় পরে ধারালো অস্ত্র দিয়ে দেহ টুকরো টুকরো করা হয় এমনও হতে পারে যে দেহ লোপাটের জন্যই সেগুলিকে টুকরো করা হয়েছিল। যদিও একজন বয়স্ক মহিলার পক্ষে গোটা বিষয়টি একা কিভাবে করা সম্ভব তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িতে স্ত্রীর সঙ্গে একাই থাকতেন অমল বিশ্বাস।
প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা ছিলনা। পরিবারে আরও কারা রয়েছে সে ব্যাপারেও প্রতিবেশীরা কিছু জানাতে পারেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত নিহতের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে কিভাবে মৃত্যু তা পরিষ্কার হবে সেই রিপোর্ট হাতে পেলে তদন্তের কাজ অনেকটাই এগোবে বলে মনে করছেন তারা। পাশাপাশি অভিযুক্ত বীণাপাণিকে এদিন রানাঘাট আদালতে পেশ করা হয়। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।

Post a Comment