টানা তিনদিন বাংলাদেশের ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ
ঢাকা প্রতিনিধি : ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত তিনদিন বাংলাদেশের সমস্ত ব্যাংকের লেনদেনসংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি উভয় শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরের শেষ দিন ব্যাংক হলিডে এবং নতুন বছরের প্রথম দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে। বৃহস্পতিবার ব্যাংক হলিডে হওয়ায় চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকবে। তবে হবে না কোনো ধরনের লেনদেন। এ তিনদিন এটিএম থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন গ্রাহক। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও লেনদেনের সুযোগ থাকবে।
অন্যদিকে ডিএসই ও সিএসই সূত্র জানায়, ব্যাংক হলিডে উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার এবং নতুন বছরের প্রথম দুদিন শুক্র ও শনিবার হওয়ায় দেশে উভয় শেয়ারবাজারে টানা তিনদিন লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে তার পরদিন অথাৎ ৩ জানুয়ারি ২০২১ (রোববার) যথানিয়মে শেয়ারবাজারে লেনেদেন শুরু হবে।

Post a Comment