হাওড়ার ক্রিকেট কোচিং ক্যাম্প ধুন্ধুমার কান্ড
দি নিউজ লায়ন ; সাত সকালে হাওড়ার ক্রিকেট কোচিং ক্যাম্প ধুন্ধুমার কান্ড। ব্যাট দিয়ে মেরে কেয়ারটেকারের মাথা ফাটালো ক্রিকেট কোচ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে হাওড়ার চ্যাটার্জিহাটের ডুমুরজলা এলাকায়। আক্রান্ত কেয়ারটেকার বিধান অধিকারীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই অভিযুক্ত ক্রিকেট কোচের সঙ্গে ওই কোচিং সেন্টারের এক মহিলা ক্রিকেটারকে আপত্তিকর অবস্থায় স্পোর্টস কমপ্লেক্সের মধ্যে দেখা যাচ্ছিল।
একাধিকবার তাদের সতর্ক করা হলেও কাজ হয়নি। এদিকে কোনও প্রমাণ না থাকায় ক্লাবের তরফ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছিল না। বুধবার ভোরে ফের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান কেয়ারটেকার বিধান। তিনি প্রমাণ হিসেবে তার মোবাইল ফোনে তাদের বেশ কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন এবং ভিডিও করে রাখেন।
বিষয়টি জানার পর বৃহস্পতিবার ভোরে তাকে ছবি এবং ভিডিওগুলি ডিলিট করতে বলেন ক্রিকেট কোচ এবং মহিলা ক্রিকেটার। তিনি তা করতে অস্বীকার করেন এবং তিনি জানান বিষয়টি তিনি ক্লাব কর্তৃপক্ষকে জানাবেন। অভিযোগ এরপরই মারমুখী হয়ে ওঠেন দুজন। পিছন থেকে ক্রিকেটের ব্যাট দিয়ে বিধান অধিকারীর মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এরপর ফের ব্যাট দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। কোন ক্রমে স্পোর্টস কমপ্লেক্স চত্বরের একটি জলাশয়ে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় গুরুতর আঘাত রয়েছে তার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment