বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ষড়যন্ত্র করছে, অভিযোগ জ্যোতিপ্রিয়র
দি নিউজ লায়ন ; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি। আমরা ভীত, আমরা আতংকিত। ভারতীয় জনতা পার্টি সব পারে। আগে তারা একজন মানুষের চরিত্র হনন করে তারপর পেরে না উঠলে তারা খুন করে দিতে পারে। সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুন হয়ে যেতে পারেন বলে আমরা শংকিত। রবিবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় এসে একথা জানালেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি বলেন, এই মুহুর্তে সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। একমাত্র তিনি পেরেছেন রাজ্যের সমস্ত মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দিতে। বাংলা জুড়ে উন্নয়নের যে দিশা তিনি দেখিয়েছেন তা দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী করে দেখাতে পারেনি।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে বলেন, আপনার জন্য তৃণমূলের দরজা খোলা। আপনি তৃণমূলে আসুন, আমরা হাতে হাত মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের উনয়নে কাজ করবো। বিজেপিতে থেকে বাংলার মানুষের উনয়ন করতে পারবেন না। তাই আপনি তৃণমূলে আসতে চাইলে আপনার জন্য তৃণমূলের দরজা খোলা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের জন্য বাংলার মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে রেখেছেন। আজ উদ্বাস্তুদের জমির পাট্টা দিয়েছেন তিনি। ভারতীয় নাগরিকত্বের সমস্ত কাগজপত্র তিনি করে দিয়েছেন। বিজেপি কি নাগরিকত্ব দেবে?
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, শুভেন্দু অধিকারীকে মেদিনীপুরের মাটিতেই আমরা বুঝিয়ে দেবো কতো ধানে কতো চাল। তৃণমূলে থেকে অমিত শাহের সঙ্গে বছরের পর বছর ধরে হাত মিলিয়ে গিয়েছেন তিনি। তৃণমূল থেকে খেয়ে আজ বিজেপিতে যোগ দিয়েছেন। বাংলার মানুষ সব দেখছেন। মানুষই এর উত্তর দেবেন।

Post a Comment