লেজ কাটা লেপার্ডের মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; লেজ কাটা লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কালচিনির রাজাভাত চা বাগানে। বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার রাজাভাত চাবাগানের দুই নম্বর সেকশনের নালায় একটি মাঝ বয়সি স্ত্রী লেপার্ডের মৃতদেহ দেখতে পান চা বাগানের শ্রমিকরা। সংগে সংগে বন দফতরে খবর দেওয়া হয়। পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে মৃত লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে উদ্ধার হওয়া লেপার্ডের লেজ কাটা ছিল। আর এখানেই সন্দেহ দানা বেধেছে বন দফতরের। এছাড়া মৃত লেপার্ডের শরীরে ধারালো আচরের দাগ রয়েছে। তাহলে কি দুই লেপার্ডের মধ্যে লড়াইতে এই লেপার্ডের মৃত্যু হয়েছে? নাকি লেপার্ড লেজ থেকে ওষুধ তৈরির জন্য লেপার্ডটিকে পিটিয়ে মারা হয়েছে? নাকি এই দুটোর কোনটাই ঘটে নি। মৃত্যুর পর কোন অন্ধবিশ্বাস বসত লেপার্ডের লেজ কেটে নিয়েছে কেউ?
বন দফতর অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, " একটি লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত বন্যপ্রানীর লেজ কাটা রয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিভাবে লেপার্ডটির মৃত্যুর ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।"
এদিকে রাজাভাত চাবাগানের শ্রমিক বিনোদ মাহালি বলেন, " এদিন সকালে কাজে যোগ দেওয়ার সময় শ্রমিকরা লেপার্ডটির মৃতদেহ দেখতে পান। সংগে সংগে বন দফতরে খবর দেওয়া হয়। মৃত লেপার্ডের শরীরে আচরের দাগ রয়েছে। কিভাবে এই লেপার্ডের মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারছি না।"

Post a Comment