হাউস ফর অল প্রকল্পের নির্মীয়মান ঘর পরিদর্শনে আলিপুরদুয়ার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান
দি নিউজ লায়ন ; আলিপুরদুয়ার পুরসভা এলাকায় হাউস ফর অল প্রকল্পের নির্মীয়মান ঘর পরিদর্শনে গেলেন আলিপুরদুয়ার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত ও প্রশাসক বোর্ডের সদস্য প্রদ্যুত আচার্য। বৃহস্পতিবার আলিপুরদুয়ার পুরসভার ১৯, ২, ৬ ও ১৪ নম্বর ওয়ার্ডে হাউস ফর অল প্রকল্পে নির্মীয়মান ঘরের কাজ দেখতে যান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান।
উল্লেখ্য আলিপুরদুয়ার পুরসভার ২০ টি ওয়ার্ডে হাউস ফর অল প্রকল্পে ২০১৪ -১৫ সালে ৪০০ ঘরের অনুমোদন হয়। এর পর ২০১৭-১৮ সালে পুরসভায় ১০০০ টি ঘরের অনুমোদন হয়। এই ১০০০ ঘরের মধ্যে প্রায় ৩০০ ঘর নির্মান এখনও সম্পূর্ন হয় নি। এদিন সেই সব নির্মীয়মান ঘরের কাজ দেখতে গিয়েছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত। এর পর ২০১৮-১৯ সালে পুর এলাকায় ১৯০০ ঘরের অনুমোদন হয়েছে।
কিন্তু সেই ১৯০০ ঘরের কোন টাকাই পুরসভা এখনও আনতে পারে নি। সেই কারনে সেই সব ঘর নির্মান এখনও শুরুই হয় নি। জানা গিয়েছে নতুন বছরে নতুন করে আলিপুরদুয়ার পুরসভায় আড়াই হাজার নতুন ঘরের তালিকা অনুমোদনের জন্য পাঠানো হবে। এর মধ্যে দেড় হাজার ঘরের আবেদন জমা পড়েছে। আরও এক হাজার আবেদন নেওয়া হবে।
এদিন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত বলেন, " হাউস ফর অল প্রকল্পে ঘর নির্মানের কাজ দেখতে গিয়েছিলাম। অসম্পূর্ন কাজ দ্রুত শেষ হবে। এর পর অনুমোদন হওয়া ১৯০০ ঘরের টাকার জন্য দরবার করেছি। সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলেছি। টাকা এলেই কাজ শুরু হবে।"

Post a Comment