নন্দীগ্রামের সেন্টিমেন্ট নিয়ে শুভেন্দু খেলা করছেন : ফিরোজা বিবি
দি নিউজ লায়ন ; 'নন্দীগ্রামের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছেন শুভেন্দু এর ফল মারাত্মক হবে'- শুভেন্দুকে হুঁশিয়ারি ফিরোজা বিবির। নন্দীগ্রামে তৃণমূলের বঙ্গ-ধ্বনি যাত্রায় যোগ দিয়ে পাঁশকুড়া পূর্বের বিধায়ক 'শহীদ মাতা' ফিরোজ বলেন, নন্দীগ্রামের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে শুভেন্দু ভালো করলেন না। নন্দীগ্রামের মানুষ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। আগামী দিনে নন্দীগ্রাম শুভেন্দুকে জবাব দেবে। ফল হবে মারাত্মক।
একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, দল ছাড়ার কোন প্রশ্নই ওঠে না। তিনি মমতার সঙ্গে ছিলেন,আছেন এবং তাঁর সঙ্গেই থাকবেন। রবিবার নন্দীগ্রাম খোদামবাড়ী ২ অঞ্চল এলাকার শিব মন্দির সংলগ্ন মাঠ থেকে প্রায় ২০০০ বাইক মিছিলটি শুরু হয়ে অঞ্চলের প্রতিটি বুথ এলাকা পরিক্রমা করে। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী কার্যকলাপ ও বিজেপির সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এদিনের মিছিল থেকে তৃণমূলের নেতা কর্মীরা স্লোগান দেন।
স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরিতোষ জানা বলেন, যেদিন থেকে মমতা তৃণমূল তৈরি করেছিলেন সেদিন থেকে আমরা দলে আস্থা রেখেছি, বাংলার উন্নয়নকে হাতিয়ার করে দুয়ারে দুয়ারে সরকার, বঙ্গ ধ্বনি যাত্রা, সরকারের সমস্ত কর্মসূচি পালন করে চলেছে তাই আমরা তৃণমূলে আছি। মমতার সঙ্গে আছি। এখানে কোন দালালের ঠাঁই নেই। বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে তৃণমূল জিতবে বলে সাফ জানিয়ে দেন এই তৃণমূল নেতা।

Post a Comment