উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে ? জানুন
দি নিউজ লায়ন ; উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট বলছে অন্যকথা৷ এদিকে পুলিশের ছোঁড়া রবার বুলেট গায়ে লেগেই বিজেপি কর্মীর মৃত্যু বলে দাবি গেরুয়া শিবিরের৷ কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে শটগানের গুলিতে মৃত্যু৷ যা পুলিশ ব্যবহার করে না৷ শিলিগুড়িতে ‘উত্তরকন্যা’ অভিযানে গিয়ে গতকালের প্রতিবাদের সময় সশস্ত্র ব্যক্তিদের আনা হয়েছিল এবং তারা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছিল বলে মনে করছে প্রশাসন। মনে করা হচ্ছে, বিক্ষোভ কর্মসূচিতে মৃতের কাছে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির শটগান থেকে চালানো গুলির প্যালেট আঘাত পেয়েছিল নিহত ব্যক্তি। পশ্চিমবঙ্গের সিআইডিকে তদন্ত করতে বলা হয়েছে।
আগেই রাজ্য পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘সোমবার শিলিগুড়িতে, একটি রাজনৈতিক দলের সমর্থকরা তাদের প্রতিবাদ কর্মসূচির সময় মারাত্মক হিংসাত্মক কার্যকলাপ করেছেন। তারা অগ্নিসংযোগ, ইট-বৃষ্টি, গুলি চালানো এবং সরকারী সম্পত্তি ভাঙচুর করছেন। পুলিশ সংযম দেখিয়েছে এবং লাঠিচার্জ বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কেবল জল কামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।
একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে৷’ ‘উত্তরকন্যা’ অভিযানে গিয়ে গন্ডগোলের জেরে এক বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ মঙ্গলবার বিজেপির ডাকে বনধ চলছে উত্তরবঙ্গে৷ বিজেপির দাবি,পুলিশের ছোড়া রবার বুলেট গায়ে লেগেই তার মৃত্যু হয়েছে৷ প্রসঙ্গত, সোমবার দুপুরে উত্তরবঙ্গে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন ‘উত্তরকন্যা’ অভিযানে নামে বিজেপি। গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ির তিনবাত্তি মোড়।

Post a Comment