তৃণমূল পার্টি অফিসে হামলা
দি নিউজ লায়ন ; তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ২ নং ব্লকের ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের অভিযোগ চারটি বাইকে ৮ জন দুষ্কৃতী পার্টি অফিসে হামলা চালায়। বাইক গুলিতে বিজেপির দলীয় পতাকা লাগানো ছিল। দুষ্কৃতীদের হাতে বাঁশ লাঠি ছিল।
পার্টি অফিসে সে সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মীও ছিলেন। দুষ্কৃতীরা তাদের বলে তৃণমূল করা যাবে না, তৃণমূল পার্টি অফিস খোলা যাবে না। পার্টি অফিসে থাকা তৃণমূল কর্মীরা এর প্রতিবাদ করলে দুষ্কৃতীরা লাঠি দিয়ে প্রথমে তৃণমূল কর্মীদের মারধর করে পরে পার্টি অফিসে ব্যাপক হামলা চালায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় চেয়ার-টেবিল, নথিপত্র নষ্ট করে দেওয়া হয়। আতঙ্কে পার্টি অফিস ছেড়ে পালিয়ে যান তৃণমূল কর্মীরা।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে মিছিল করেন তৃণমূল কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এখনো এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দ্রুত সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।
এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কোচবিহার জেলা জুড়ে কয়েক হাজার তৃণমূল কর্মী ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন। আরো বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। এতে হতাশায় ভুগছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই হতাশা থেকেই তৃণমূল কর্মী এবং পার্টি অফিসে হামলা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Post a Comment