করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে
দি নিউজ লায়ন ; যুক্তরাজ্যে করোনার নতুন যে ধরন শনাক্ত হয়েছে তা নিয়ন্ত্রণে নেই। এই বিষয়ে নতুন কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। কোভিড সংক্রমণ লাফিয়ে বেড়ে যাওয়ার খবর পেয়ে শনিবার দ্রুতই বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাইরাসের নতুন ওই ধরন ছড়িয়ে পড়া আটকাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনসহ দক্ষিণপূর্ব ইংল্যান্ডের বড় অংশজুড়ে এখন নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা আছে।
বড়দিনের মাত্র দিন কয়েক আগেও লকডাউন বলবত রাখার জন্য ব্রিটিশ সরকার সমালোচনার শিকার হয়েছে। সমালোচিত হলেও লন্ডনসহ যেসব জায়গায় চার-স্তরের বিধিনিষেধ জারি করা হয়েছে তা কঠোরভাবে মানার অনুরোধ জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাই বড়দিন পালনের নানা পরিকল্পনা করছেন। কিন্তু করোনাভাইরাসের আরও বেশি সংক্রামক এবং আরও দ্রুত ছড়িয়ে পড়া স্ট্রেইনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই সরকারকে দ্রুত এবং বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।
এদিকে করোনাভাইরাসের নতুন রূপটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি জানায়, করোনাভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে সেটি মূল ভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়।
এদিকে, যুক্তরাজ্যে করোনার একটি নতুন ধরন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ার কথা শুনে দেশটির সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ১০টি দেশ। আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক বিভিন্ন মেয়াদে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে।

Post a Comment