ঢাকায় বস্তিতে পুড়ল ১০০ ঘর ও দোকান - The News Lion

ঢাকায় বস্তিতে পুড়ল ১০০ ঘর ও দোকান



ঢাকা প্রতিনিধি : ঢাকার মহাখালীর সাততলা বস্তিতে সোমবার রাতের আগুনে পুড়ে গেছে প্রায় ১০০ ছোট ঘর ও দোকান। ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিভান জানান, রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আসে ১২টা ৫৫ মিনিটের দিকে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় রাত ২টা ৫৫ মিনিটের দিকে। কিন্তু তার মধ্যেই কমপক্ষে ৯৮টি আধা-পাকা বস্তি ঘর ও ছোট দোকান পুড়ে যায়।


আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান। আগুনে পোড়ার সময় ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে আছে এবং স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস কর্মীরা এখানে-সেখানে আগুন নেভাতে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভোরে ধ্বংসলীলার দৃশ্য পুরোপুরি চোখের সামনে ভেসে উঠে।


রাজধানীর নিম্ন-আয়ের মানুষের বসবাসের জায়গা বস্তিতে আগুন লাগা এক নিয়মিত চিত্র এবং এতে হাজারও বস্তিবাসী প্রতিবছর গৃহহারা হন। গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ ঘর পুড়ে যায়। রাত ৯টার দিকে বস্তিতে আগুন লাগে এবং তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে রাত ২টা ৫ মিনিটে। এর আগে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গত বছর ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের বস্তিতে আগুন লাগার ১৭৪টি ঘটনা ঘটেছিল।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.