কাঁকিনাড়ায় দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি চলল গুলি
দু'দল দুষ্কৃতীর মধ্যে লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার মণ্ডল পাড়া এলাকা। দফায় দফায় চলল বোমা। এমনকি 5 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে।
এলাকার একটি কালীপুজোয় ছোট জলসার আয়োজন করেছিল উদ্যোক্তারা। সেখানে কয়েকজন মহিলাকে উদ্দেশ্য করে কটুক্তি করা হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। দু'দলই বাইরে থেকেও প্রচুর দুষ্কৃতী নিয়ে আসে। ব্যাপক বোমাবাজি শুরু হয়। প্রায় সারা রাত ধরে বোমাবাজি চলে। চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এছাড়া দোকান, বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় যাতে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকতে না পারে তার জন্য বেশ কিছু জায়গায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
যদিও পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'দল দুষ্কৃতীর মধ্যে গন্ডগোল হয়। দু'পক্ষই বাইরে থেকে প্রচুর দুষ্কৃতী এনে একে অপরের ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কে বা কারা এ ঘটনা ঘটাল পুলিশ তা খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের খোঁজে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে তল্লাশি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি প্রহরা রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, লোকসভা ভোটের সময় থেকেই বিজেপি এলাকায় প্রচুর দুষ্কৃতী জরো করেছে। এরা প্রতিদিনই নিজেদের মধ্যে গন্ডগোল করছে। বোমাবাজি হচ্ছে। এদিনও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি। পুলিশ এদেল বিরুদ্ধে ব্যবস্থা নিক।

Post a Comment