কংসাবতীর নদীগর্ভে ভোরবেলা চলছে বেআইনি ভাবে বালিচুরি
দি নিউজ লায়ন ; প্রশাসনের আইন কে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু অসাধু বালি ব্যবসায়ীরা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কংসাবতী নদীর চর থেকে অবাধে লুট করছে বালি। দিনের পর দিন এই ভাবে বালি চুরির ঘটনা অব্যাহত রয়েছে মেদিনীপুর সদর ব্লকের আয়মা গোপালপুর ও জাগুল এলাকা সংলগ্ন কংসাবতী নদীর গর্ভে।
প্রতিদিন সূর্যের আলো ভালো করে ফোটার আগেই ভোরবেলা বালি চুরি হয়ে যাচ্ছে।বালি নিয়ে যাওয়ার হয় গরু বা মহিষের গাড়ি লাইন করে দাঁড়িয়ে রয়েছে। অবাধে এই লুটতরাজ চালাচ্ছে বালি মাফিয়া বলে পরিচিত এই অসাধু ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন- "অভিনব উপায় অবলম্বন করে কে বা কারা গাড়ির বদলে একেবারে কাকভোরে মহিষ, গরুর গাড়িতে করে অবাধে নদীর চর থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছে। সরু সরু গলি পথে নিয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় অবলীলায় বালি পাচারও করছেন। প্রশাসনের নজর এড়িয়েই এই ব্যক্তিরা ভোরের বেলা অবাধে এই কাজ করে চলেছেন।
নদী গর্ভে এই ভাবে বালি তুলতে থাকলে স্থানীয় বাসিন্দারা চরম সংকটে পড়বেন বলে জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন এই ব্যাপারে একটু নজর দিক, যাতে অবৈধ ভাবে যেখানে সেখানে এই বালি চুরি রোধ করা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। যেভাবে প্রতিদিন বেআইনিভাবে ওই এলাকায় কংসাবতী নদীর চর থেকে বালি মাফিয়ারা বালি তুলে পাচার করছে তাতে সমস্যায় পড়বেন এলাকার বাসিন্দারা। তাই তারা বিষয়টি ভূমি সংস্কার দপ্তর ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।

Post a Comment