আন্তঃরাজ্য মোটরবাইক পাচার চক্রের তিন পান্ডা গ্রেপ্তার
দি নিউজ লায়ন ; গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য মোটরবাইক পাচার চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি চোরাই মোটর বাইক। রবিবার রাতে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের জাকিরতলা এলাকা থেকেই ওই তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রুবেল শেখ , নুর হোসেন এবং খালেক সেখ। ধৃতদের জেরা কর জাকিরতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকেই ছয়টি চোরাই মোটরবাইক উদ্ধার করে পুলিশ। এই মোটরবাইকগুলি বাইরের রাজ্যে নম্বর বদলে পাচার করতো অভিযুক্তরা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে রবিবার উদ্ধার হওয়া ওই চোরাই মোটরবাইকগুলি ভিন রাজ্যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল অভিযুক্তরা।
লরিতে উঠিয়ে এই মোটরবাইক গুলি পাচার করা হতো। কিন্তু তার আগে গোপন সূত্রে খবর পেয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করার পর চোরাই মোটর বাইকগুলি উদ্ধার করা হয়েছে। সোমবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী অফিসারেরা।

Post a Comment