জঙ্গলমহল জুড়ে মাওবাদী হামলার আশঙ্কা, জোরদার করা হলো নিরাপত্তা
দি নিউজ লায়ন ; আগামী ২৪ শে নভেম্বর মাওবাদী নেতা কিষাণজির মৃত্যুদিন ।তার আগেই জঙ্গলমহল জুড়ে মাওবাদীরা নাশকতার ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্যের গোয়েন্দা দপ্তর। তাই গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে জঙ্গলমহলের প্রতিটি থানা কে সতর্ক করে দেওয়া হয়েছে। উল্লেখ করা যায় যে ২০২১ সালের ২৪ শে নভেম্বর মাওবাদী নেতা কিষানজীর মৃত্যু হয়।
তাই তার মৃত্যু দিবসের আগেই মাওবাদীরা যে কোন স্তরে বড় ধরনের হামলা চালাতে পারে বলে গোয়েন্দাদের কাছে খবর। ইতিমধ্যে জঙ্গলমহলে মাওবাদীদের আনা গোনা শুরু হয়েছে। প্রশিক্ষিত মাওবাদীরা ঝাড়খন্ড উড়িষ্যা থেকে এসে জঙ্গলমহল এলাকায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা দপ্তর। তাই গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলাপুলিশ প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে।
ঝাড়গ্রাম জেলা পুলিশের পাশাপাশি বেলপাহাড়ি , বিনপুর, জাম্বনি , গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বেলিয়াবেড়া,সাংকরাইল, লালগড়,ঝাড়গ্রাম থানা কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাই জঙ্গলমহলে পুলিশের তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে। পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। রাজনৈতিক নেতা থেকে প্রশাসনের আধিকারিক ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।
মাওবাদীরা সশস্ত্র অবস্থায় জঙ্গলমহলে হামলা চালাতে পারে বলেও গোয়েন্দারা জানতে পেরেছে। তাই জঙ্গলমহলে পুলিশি নিরাপত্তায় কোনো ফাঁকফোকর রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। সেইজন্য কিষেণজির মৃত্যু দিবস এর আগে থেকেই জঙ্গলমহল জুড়ে পুলিশের তৎপরতা অনেকটাই বেড়েছে। সামনে বিধানসভা নির্বাচন তার আগেই মাওবাদীরা বড় ধরনের নাশকতার ঘটনা ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে গোয়েন্দারা জানতে পারে। তাই ঝাড়খন্ড, উড়িষ্যা সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে।
সেই সঙ্গে জঙ্গলমহলের প্রতিটি থানা কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে মাওবাদীরা জঙ্গলমহলে এসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। সেই সঙ্গে সীমান্তবর্তী গ্রাম গুলির বাসিন্দাদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অজানা কাউকে দেখতে পেলে পুলিশকে খবর দেওয়ার জন্য। তাই কিষেনজির মৃত্যু দিবসের আগেই জঙ্গলমহল জুড়ে পুলিশের তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে।

Post a Comment