রাজ্য ভূমি সংস্কার দফতর ও পুলিশ অবৈধ ভাবে বালি তোলার কাজে যুক্ত কয়েকটি নৌকা আটক করল
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এক নম্বর ব্লকের খড়গপুর গ্রামীণ থানার গুমরিয়াপাল বালি খাদানে অবৈধভাবে মেশিন লাগিয়ে কাঁসাই নদী থেকে বালি তোলার অপরাধে এবং মেশিন দিয়ে নদীর পাড় ভেঙে দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে খবর পেয়ে অভিযান চালায় খড়গপুর এক ব্লক ভূমি সংস্কার দপ্তর ও পুলিশ।
যৌথ অভিযান চালিয়ে আটক করা হয়েছে কয়েকটি মেশিন লাগানো বালি তোলার নৌকা। যে মেশিন দিয়ে রাতের অন্ধকারে নদী থেকে বালি তুলে বিক্রি করে অবৈধ বালি কারবারিরা।
পুলিশ জানায় , গুমরিয়াপাল এলাকার গোলক মাইতি , কঙ্কন বেরা , অরুণ গিরি , অঞ্জন পাহাড়ি বালি তোলেন। উদ্ধার হওয়া মেশিন নৌকা গুলি তাঁদেরই হতে পারে বলে পুলিশের অনুমান। পুলিশ অভিযান চালানোর সময় ওই বালি খাদান এর মালিকরা কেউ ছিলেন না।
এর আগেও এই বালি খাদান নিয়ে একাধিকবার বিভিন্ন অভিযোগ উঠেছে। ওই বালি খাদান কে কেন্দ্র করে অশান্তির ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও বালি খাদান গুলি বন্ধ করেনি বরং প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে কংসাবতী নদী থেকে মেশিন দিয়ে বালি তুলে চড়া দামে বিক্রি করছেন ওই বালি ব্যবসায়ীরা।
তবে বালি খাদান গুলি বৈধ নয় বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু বালি তোলার সরঞ্জাম উদ্ধার করা গেলেও বালি ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি।

Post a Comment