লকডাউনে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে কর্ম সংস্থান - The News Lion

লকডাউনে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে কর্ম সংস্থান




দি নিউজ লায়ন ;  লকডাউনে কাজ হারিয়ে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ১০০ দিনের কাজ প্রকল্পকে হাতিয়ার করলো মালদা জেলা প্রশাসন। জেলার ১৫ টি ব্লকে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। এত দ্রুততার সঙ্গে রাস্তা তৈরির কাজ করা হচ্ছে যে, মাত্র আড়াই মাসের মধ্যে তৈরি হয়ে গিয়েছে লক্ষ্যমাত্রা প্রায় এক-তৃতীয়াংশ রাস্তা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যে মালদা জেলা জুড়ে ৭২৮ কিলোমিটারেরও বেশি নতুন ঢালাই রাস্তা তৈরীর লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা চলছে। 


তবে রাজনৈতিক মহলের বক্তব্য, নির্বাচনের দিকে তাকিয়ে মালদায় রাস্তা নির্মাণের উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে। মালদা জেলায় ১০০ দিনের কাজ প্রকল্পের অতিরিক্ত দায়িত্বে থাকা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো বলেন, সেপ্টেম্বর মাস থেকে এই ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ২০৩ কিলোমিটার ৫৩৩ মিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজে দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা চলছে। নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যে এই কাজ শেষ করে ফেলার পরিকল্পনা রয়েছে। 


জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি ব্লকে ৫০ কিলোমিটার করে ঢালাই রাস্তা নির্মাণের লক্ষ্যে রয়েছে প্রশাসনের। ১৫ টি ব্লকে সবমিলিয়ে ৭২৮ কিলোমিটার ৩৮২ মিটার রাস্তা তৈরির অনুমোদন মিলেছে। ইতিমধ্যে ৫৬২ কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। লক্ষ্যমাত্রার প্রায় ৭৭ শতাংশ ঢালাই রাস্তা তৈরি টেন্ডার প্রক্রিয়া শেষ করা গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 


যে ব্লকগুলি ঢালাই রাস্তা নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো রতুয়া ১, গাজোল, কালিয়াচক ২, হবিবপুর এবং ইংরেজবাজার ব্লক। কালিয়াচক ১, বামনগোলা ও পুরাতন মালদা উল্লেখযোগ্য পরিমাণে রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে হরিশ্চন্দ্রপুর ১, রতুয়া ২  সহ বেশ কয়েকটি ব্লকে এখনো সেই ভাবে গতি পায় নি এই ঢালাই রাস্তা নির্মাণের কাজ। উল্লেখ্য , মালদার ১৫ টি ব্লকে অসংখ্য প্রত্যন্ত এলাকা রয়েছে। এক পাড়া থেকে অন্য পাড়া অথবা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। 


বিশেষ করে বর্ষাকালে চলাচল করতে নাভিশ্বাস উঠে ওইসব এলাকার বাসিন্দাদের। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে অভাব হয় অ্যাম্বুলেন্সের ।এই নিয়ে দীর্ঘদিন ধরেই চরম ক্ষোভ জমেছিল মানুষের মধ্যে। নির্বাচনের আগে সেই ক্ষোভ প্রশমিত করতেই দ্রুততার সঙ্গে এই রাস্তা নির্মাণ করছে প্রশাসন বলে ধারণা রাজনৈতিক মহলের। অন্যদিকে মালদার প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। লকডাউনে কাজ হারিয়ে ঘরে ফিরেছেন তারা। 


এই মানুষগুলোকে নতুন করে উপার্জনের ব্যবস্থা করা বড় চ্যালেঞ্জ ছিল রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে। রাস্তা নির্মাণের কাজে জেলায় ফিরে আসা ওই পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশকে ব্যবহার করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর জানিয়েছেন, লকডাউনের মধ্যে যেসব পরিযায়ী শ্রমিকেরা কাজ হারিয়ে বাড়িতে কর্মহীন ছিলেন। 


তাদের কর্মসংস্থান করে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার নতুনভাবে উদ্যোগ নিয়েছে। ১০০ দিনের কাজ প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্ত করে ওইসব পরিযায়ী শ্রমিকদের রাস্তা তৈরির ক্ষেত্রে কাজে লাগানোর ব্যবস্থা করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.