ম্যাট্রিমোনিয়াল সাইটে বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়ে জুটলো অশ্লীল মন্তব্য
দি নিউজ লায়ন ; ম্যাট্রিমোনিয়াল সাইটে ইঞ্জিনিয়ার ছেলের বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন বর্ধমান শহরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সিনিয়র ম্যানেজার। এরপর ওই বিজ্ঞাপণ সাইটে ব্যাংক অফিসারের ছেলে ও পরিবারের সম্পের্ক অশ্লীল মন্তব্য করা হয়েছে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন ব্যাংকের ওই আধিকারিক। শেষমেষ বর্ধমান আদালতে মামলা করেন ওই ব্যাংক আধিকারিক।
আদালত সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাংক অফিসারের ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর এমবিএ করে মুম্বইয়ে কর্মরত রয়েছেন। ছেলের বিয়ের জন্য ব্যাংক অফিসার ম্যাট্রিমোনিয়াল সাইটে বিজ্ঞাপন দেন। তাতে সাড়াও মেলে। বিয়ের আলোচনা চলাকালীন তাঁর ছেলে এবং পরিবারের সম্পের্ক বিরূপ মন্তব্যের কথা জানতে পারেন তিনি। এতে তাঁর মনে সন্দেহ হয়।
তিনি ম্যাট্রিমোনিয়াল সাইটে গিয়ে প্রোফাইল চেক করতে গিয়ে দেখেন, নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে সাইটটি খোলা যাচ্ছে না। এরপর তিনি ম্যাট্রিমোনিয়াল সাইট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। কেউ পাসওয়ার্ড ব্যবহার করে সাইটটি হ্যাক করে ব্যাংক অফিসারের ছেলে ও তাঁর পরিবারের সম্পের্ক অশ্লীল ও কুরুচিকর মন্তব্য পোস্ট করেছে সেখানে।
সাইট কর্তৃপক্ষ আরও জানায়, সম্ভবত ফোন নম্বর ক্লোন করে পাসওয়ার্ড পরিবর্তন করে সেখানে অশ্লীল মন্তব্য বসানো হয়েছে। পাসওয়ার্ড পরিবর্তন করে ফের সাইটটি চালু করা হয়। আবার সেখানে কুরুচিকর মন্তব্য পোস্ট করা হয়। ম্যাট্রিমোনিয়াল সাইটে খোঁজখবর নিয়ে ব্যাংক অফিসার জানতে পারেন, ফের ফোন নম্বর ক্লোন করে একটি মোবাইল থেকে সাইটে মন্তব্য করা হয়েছে।
আতঙ্কিত হয়ে প্রথমে পুলিশকে জানান ওই ব্যাংক আধিকারিক। তাতে কাজ না হওয়ায় তিনি বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন। কেস রুজু করে তদন্তের জন্য সাইবার থানার আইসিকে নির্দেশ দেয় আদালত। যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। সাইবার থানার এক অফিসার সাংবাদিককে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Post a Comment