যাত্রী সংখ্যা বাড়তে থাকায় আরো ৫১ টি ট্রেন বাড়ালো দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর বিভাগ
দি নিউজ লায়ন ; যাত্রী সংখ্যা বাড়তে থাকায় আরো ৫১ টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর বিভাগ।বৃহস্পতিবার থেকেই এই বাড়তি ট্রেন স্বাভাবিক ভাবে চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন রেলের খড়গপুর বিভাগের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার আদিত্য চৌধুরী।
লক ডাউনের আগে খড়গপুর বিভাগ থেকে বিভিন্ন রুটে ১৯৬ টি ট্রেন চলাচল করত। আনলক পর্বে ১১ ই নভেম্বর থেকে ৮৬ টি ট্রেন চলাচল করে। দ্বিতীয় পর্যায়ে ১৪ টি বাড়ানো হয়। এরপর এদিন ৫১ টি বাড়ানোর ফলে ১৪৬ টি ট্রেন চলাচল করছে। ধাপে ধাপে আরো ট্রেন বাড়ানো হবে।
দীর্ঘ সাড়ে সাত মাস ধরে লোকাল ট্রেন বন্ধ থাকার পর রেল পরিষেবা যাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে ধাপে ধাপে বাড়ানো হবে বলে রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। গত কয়েকদিন ধরে লোকাল ট্রেন গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো বেশি ট্রেন বাড়ানোর জন্য রেলকে চিঠি দেওয়া হয়।
দীর্ঘদিন ধরেই রেলের পণ্য ও যাত্রী পরিষেবার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। লক ডাউনে মুম্বাই , চেন্নাই , ব্যাঙ্গালুরু , অমেদাবাদ , সুরাট , উড়িষ্যায় আটকে পড়া এরাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে।
দক্ষিণ ভারত ও উত্তর ভারতের গুরুত্বপূর্ণ বেশ কিছু এক্সপ্রেস ট্রেন খড়গপুর বিভাগের উপর দিয়েই চলাচল করে। এর পাশাপাশি লোকাল ট্রেনের মাধ্যমে খড়গপুর থেকে হাওড়া এবং খড়গপুর থেকে আদ্রা শাখায় অনেকগুলো লোকাল ট্রেন চলাচল করে।

Post a Comment