অমিত শাহর শ্রদ্ধা জানানো মূর্তি বিরসা মুন্ডার নয় ! প্রবল বিক্ষোভ আদিবাসীদের
দি নিউজ লায়ন ; মাস্ক বিতর্কের পর এবার মূর্তি বিতর্কে জড়াল দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বাঁকুড়া সফর। জঙ্গলমহলের আদিবাসী ভোট ব্যাঙ্ককে কাছে টানতে অমিত শাহর যে বাঁকুড়া সফর সেই সফরই এবার ব্যুমেরাং হতে চলেছে বিজেপির জন্য। কারন অমিত শাহর বাঁকুড়া সফরের পরের দিনই মূর্তি বিতর্ককে সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসী সমাজের একাংশ। প্রতীকি একটি মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি দাবি করে অমিত শাহর শ্রদ্ধাজ্ঞাপন আসলে আদিবাসী সমাজকে অপমান করার সামিল বলে দাবি করেছেন বিক্ষোভকারী আদিবাসীরা।
গতকাল হেলিকপ্টারে বাঁকুড়ায় আসেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অমিত শাহর এই সফরের একটা বড় অংশ জুড়ে ছিল আদিবাসীদের কাছে টানার চেষ্টা। বাঁকুড়ায় পৌঁছেই অমিত শাহ প্রথম যান পুয়াবাগান তিন মাথার মোড়ে। সেখানে পৌঁছেই তিন মাথার মোড়ে থাকা একটি মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি হিসাবে মালা দিয়ে শ্রদ্ধা জানান অমিত শাহ। কিন্তু গতকাল সন্ধ্যায় অমিত শাহ বাঁকুড়া ছাড়ার পরে পরেই শুরু হয় বিতর্ক।
যে মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি হিসাবে অমিত শাহ শ্রদ্ধা জানিয়েছেন তা আসলে বিরসা মুন্ডার মূর্তি নয় দাবি করে একাধিক আদিবাসী সংগঠন। আজ সকালে সেই মূর্তি স্থলে হাজির হয়ে আদিবাসীদের একাংশ বিক্ষোভ দেখায়। আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাৎ মাঝি পারগনা মহলের বাঁকুড়া জেলা পারানিক সনগিরি হেমব্রম বলেন, বিরসা মুন্ডা আদিবাসী সমাজে ভগবান হিসাবে শ্রদ্ধা পান।
একটি প্রতিকী মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি হিসাবে সম্মান জানিয়ে আসলে আদিবাসী সমাজকে অপমান করেছেন। এদিন সকালে বিতর্কিত মূর্তি স্থলে যান তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা, রাইপুরের আদিবাসী বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বাঁকুড়া জেলা পরিষদের আদিবাসী সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ তৃনমূল নেতৃত্ব।
তাঁরা প্রত্যেকেই বলেন, অমিত শাহর এই কাজ আদিবাসীদের শুধু অসম্মান করাই নয় বিরসা মুন্ডার মতো মহান ব্যাক্তিকে কেন্দ্র করে থাকা আদিবাসীদের সেন্টিমেন্টকে আঘাত করা।

Post a Comment