জমিতে নাড়া পোড়াতে গিয়ে চন্দ্রকোনাতে পুড়লো চাষির ধান
দি নিউজ লায়ন ; রাজ্য প্রশাসন থেকে জমিতে নাড়া পোড়ানো নিয়ে বহুবার একাধিক কর্মসূচির মধ্য দিয়ে চাষীদের সচেতনতা করলেও পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক জায়গায় অসচেতনতার ছবি উঠে এসেছে।পরিবেশ দূষণ সহ জমির উর্বরতা হ্রাস পায় এই নাড়া পোড়ানোর ফলে, এবার জমিতে নাড়া পোড়াতে গিয়ে পুড়ল জমির ধান! ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার এক চাষি।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাড়গোকুলপুর এলাকায়। প্রশাসনের সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়েই রবিবার রাতে জমিতে নাড়া পুড়েছিল বেশ কয়েকজন চাষি। নাড়া পোড়ানোর সময় ঘটে চরম বিপত্তি। হঠাৎই আগুন লেগে যায় মাঠে কেটে রাখা পাকা ধানে।
মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কয়েক বিঘা জমির কাটা ধান। তড়িঘড়ি গ্রামবাসীরা ছুটে এসে কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন। ক্ষতিগ্রস্ত চাষি তপন পাত্রের অভিযোগ, জমিতে আগুন ধরানোর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদেরকে উল্টে গালিগালাজ করে অভিযুক্তরা।
প্রসঙ্গত, একাধিকবার জমিতে নাড়া না পোড়ানোর আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। সচেতনতা বাড়াতে গ্রামে একাধিক সময় চাষিদের সাথে কথা বলেছে কৃষি দফতরের আধিকারিকরাও। তবে এরপরও যে হুঁশ ফেরেনি তার প্রমাণ মিলল রবিবার রাতের ঘটনা থেকেই। ইতিমধ্যেই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়েছে ক্ষতিগ্রস্ত চাষি। কত দিনে হুঁশ ফেরে চাষিদের! সেটাই এখন দেখার বিষয়।

Post a Comment