মৌলবাদ-ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন : বাংলাদেশের তথ্যমন্ত্রী
ঢাকা প্রতিনিধি : রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়ে যারা মৌলবাদ-ষড়যন্ত্র-গুজবের পথ বেছে নেয়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি একথা বলেন।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রেস কাউন্সিল সদস্যবৃন্দের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু এবং মোজাফফর হোসেন পল্টু, প্রেস কাউন্সিল পদক জুরিবোর্ডের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং কাউন্সিল সদস্য নঈম নিজাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'কেউ স্বীকার করুক বা না করুক, সকল প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে উপড়ে ফেলে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। মানবিক, সামাজিক, অর্থনৈতিক সকল সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি, অনেক সূচকে পাকিস্তানকেও পেছনে ফেলেছি। আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের সমীক্ষায় এর প্রতিফলনে ভারত ও পাকিস্তানে তোলপাড় হচ্ছে, অথচ আমাদের দেশে কেউ কেউ স্বীকার করতে চায় না।
আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে সরকারকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মৌলবাদকে উস্কে দেয়, ষড়যন্ত্র-গুজবের পথ বেছে নেয়। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

Post a Comment