শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের গাজীপুর জেলার বাসন এলাকায় শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই আলী আকবরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে (২৮ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, গ্রেপ্তার আলী আকবর ময়মনসিংহের ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গার্মেন্টস কর্মী মো. আলী আকবর তার শ্যালিকাকে তিন মাস আগে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে নিয়ে আসেন। তারা প্রথমে বাসন এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়।
এরপর থেকে আলী আকবর বিয়ের প্রলোভন দিয়ে তার শ্যালিকাকে কু-প্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি দিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করে আসছিলেন তিনি। পরে ওই নারী অভিযোগ দায়ের করলে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায়, গ্রেপ্তার আকবর ঘটনার বিষয়ে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেছেন।

Post a Comment