চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক
দি নিউজ লায়ন ; চকলেটের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর বছর দশেকের একটি ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃত ওই অভিযুক্তের নাম চন্দন দাস। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাথাপুর তৃতীয় লেনে।
ঘটনায় ওই ছাত্রীর পরিবারের তরফে তার মা বুধবার নবদ্বীপ থানায় অভিযুক্ত যুবক চন্দন দাসের নামে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বুধবার রাতেই মাথাপুর তৃতীয় লেনের বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যুবকের বিরুদ্ধে পক্স আইনের ৮ নং ধারা সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগরের পক্স আদালতে পাঠান হয়।
আদালতের বিচারক অভিজিকত যুবককে আগামী ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা নির্যাতিতা গত সোমবার ভাই ফোঁটা উপলক্ষ্যে পরিবারের সঙ্গে মামার বাড়ি গিয়েছিল। অভিযোগ, ভাইফোঁটার পরের দিন মঙ্গলবার দুপুরে মামাতো বোনকে নিয়ে অভিযুক্ত যুবকের দোকানে গিয়েছিল খেলনা কিনতে।
সেই সময় মামাতো বোনকে বাইরে দাঁড় করিয়ে নির্যাতিতা ওই চতুর্থশ্রেণীর ছাত্রীকে চকলেট দেওয়ার নামে দোকানের ভিতরে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক।
ওই সময় নির্যাতিতার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে, অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। বুধবার বেশি রাতে অভিযুক্তকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে ঘটনায় নির্যাতিতার পরিবার অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানান।

Post a Comment