বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রে হাওড়া ময়দান
বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রে হাওড়া ময়দান। অভিযানে বাধা পেয়েই পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাশাপাশি বোমা ছুঁড়তে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। ফলে কিছুটা হলেও ছত্রভঙ্গ হয় বিজেপি কর্মীরা।
পুলিশের দাবি ওই সময়ে মল্লিকফটকের কাছে এক বিজেপি কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে রাজ্যে। দুপুর ১২টায় থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও, মাঝপথেই অনেক জায়গায় বিজেপি নেতাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে খবর।
তবে তাতে পিছু হটা তো দূর, বরং ঘুরপথেই নবান্নের উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপি নেতারা। তবে পুলিশ নবান্নের চার পাশে ত্রিস্তরীয় বলয় গড়ে তুলেছিলেন।হাওড়া ময়দান ও সাঁতরাগাছিতে ড্রোনে নজরজদারি চালাচ্ছে পুলিশ। হাওড়া ময়দানে মোতায়েন রয়েছে রোবো কপ। তার মধ্যেই হাওড়া ময়দানে মিছিল শুরুর আগে পুলিশের ব্যারিকেড সরিয়ে দেন বিজেপি কর্মীরা। এদিন হেস্টিংস মোড়েও বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। পুলিশের বাধা পেয়ে হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতানেত্রীরা।

Post a Comment