খবরের শিরোনামে থাকতে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা, দাবি শাবানা আজমির
বিতর্কের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে কঙ্গনা রানাউত নাম। কিন্তু একদিন আর খবরের শিরোনামে তিনি জায়গা করতে পারবেন না। সেই দিনটাকেই নাকি ভয় পান কঙ্গনা। আর তাই খবরে থাকতে বিতর্কিত মন্তব্য করেন। এমনই দাবি করলেন অভিনেত্রী শাবানা আজমি।
কঙ্গনাকে একটি পরামর্শও দিয়েছেন শাবানা। তাঁর মতে কঙ্গনা যেটায় সবচেয়ে বেশি পারদর্শী সেটাই ওঁর করা উচিত। আর সেটা হল অভিনয়। কিছুদিন আগেই কঙ্গনা মন্তব্য করেন, চলচ্চিত্র জগতকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানো উচিত। এই প্রসঙ্গে শাবানা আজমি বলেছেন, কঙ্গনা এই ধরনের মন্তব্য করেন খবরের শিরোনামে থাকার জন্য। সঙ্গে কঙ্গনাকে অভিনয়ে মন দিতে বলেছেন তিনি।
শাবানার কথায়, নিজের তৈরি করা মিথগুলি কঙ্গনা বিশ্বাস করতে শুরু করেছে। ওর মতে ও-ই নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নারীবাদ, দেশপ্রেম শিখিয়েছে। আমি খুশি যে ও নিজে এটা বলেছে। কারণ ও বলার আগে এটা কেউ খেয়াল করেনি! আমার মনে ও ভয় পায় সেই দিনটার কথা ভেবে, যেদিন খবরের শিরোনামে ও আর থাকবে না। তাই এই ধরনের মন্তব্য করে। বেচারি মেয়ে। ও নিজে যেটায় সবচেয়ে বেশি পারদর্শী, অর্থাৎ অভিনয়ে কেন মন দেয় না! শাবানার মতে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু সমস্যা রয়েছে। কিন্তু তা দিয়ে সবাইকে বিচার করা উচিত নয়।

Post a Comment