ধর্ষণবিরোধী আন্দোলন চলাকালে খোদ ঢাকাতেই কিশোরীকে গণধর্ষণ! - The News Lion

ধর্ষণবিরোধী আন্দোলন চলাকালে খোদ ঢাকাতেই কিশোরীকে গণধর্ষণ!



ঢাকা প্রতিনিধি : যেখানে ধর্ষণের বিরুদ্ধে চলছে বিক্ষোভ-সমাবেশ, খোদ ঢাকাতেই সড়কে সড়কে পোস্টার-ব্যানার হাতে সরব সাধারণ জনগণ থেকে তারকারা, সেখানে ঢাকার পল্লবী এলাকায় এক কিশোরী শিকার হয়েছে গণধর্ষণের। গত শনিবার রাতে পল্লবীর কালশীর একটি মেসে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী (১২)। 


এ ঘটনায় পুলিশ ৪ যুবককে আটক করেছে। দুদিন আগে নোয়াখালী থেকে কালশীতে বাবার কাছে বেড়াতে এসেছিল ভুক্তভোগী। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, বাবার সঙ্গে শনিবার রাতে রাগ করে বাসা থেকে বের হয়েছিল ওই কিশোরী। কিছুদূর গিয়ে সে পথ হারিয়ে ফেলে। এ সময় চারজন কিশোরীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে কালশীর একটি মেসে নিয়ে যায় গ্রেপ্তার চার যুবক। 


সেখানে তারা মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে। গতকাল রোববার সকালে কিশোরীর চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করে দেয়। এ ফাঁকে ওই চারজন পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে। ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘মেয়েটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এ থেকে নিশ্চিত হওয়া যায় সে ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’ 


তিনি আরও বলেন, ‘মেয়েটি বাবার বাসা কোথায়, বলতে পারেনি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে আজ (রোববার) বিকালে মেয়েটির বাবাকে খুঁজে পায় এবং মামলা নেয়।’ এরই মধ্যে পুলিশ মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিন (২৩), মিন্টু (২২), জুয়েল (২৪) ও হৃদয় (২১) নামে চার যুবককে আটক করে বলে ওসি জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে এটা নিশ্চিত এই যুবকরাই ধর্ষণে জড়িত। স্থানীয়রা জানিয়েছেন, তারা ‘স্থানীয় বখাটে’।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.