একদিনের জন্য গ্রামে আসেন বেনাগ্রামের মানুষ
দি নিউজ লায়ন ; বাম আমলে অনুন্নয়নের জন্য গ্রাম ছাড়া হয়েছিল কুলটির বেনাগ্রামের মানুষ। আর ফেরেনি তারা। বছরে একদিন তারা গ্রামে ফেরে লক্ষ্মীপুজোয়। শুক্রবার তাই গ্রামে ফিরলেন বাসিন্দারা একদিনের লক্ষ্মীপুজোয়। শনিবার ফের তারা গ্রাম ছেড়ে চলে যাবেন। ২০০৫ সালে হঠাৎই গ্রাম ছাড়া হয়ে গেছিল কুলটির বেনা গ্রামের মানুষ।
লোকমুখে গুজব ছড়িয়ে যায় ভূতের ভয়ে নাকি গ্রাম ছাড়া হয়েছে বেনা গ্রামের মানুষ। কিন্তু মানুষজনের দাবি ছিল অনুন্নয়নের কারণে তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। গ্রামে ছিল না রাস্তা, পানীয় জল কিংবা বিদ্যুৎ। পরবর্তীকালে প্রশাসনিক নজরে আসার পর গ্রামে বিদ্যুৎ আনার জন্য বিদ্যুতের খুঁটি পোতা রাস্তা তৈরি হয়েছে,গ্রামে পানীয় জল নিয়ে আসার জন্য মানুষজনকে বলা হয়েছিল তারা পানীয় জলের জন্য পৌরনিগমের আবেদন করুন। কিন্তু মানুষজন আর ফেরেননি গ্রামে। নাগরিক পরিষেবা ফিরলেও কেন মানুষ ফিরলেন না তা রহস্যই থেকে গেল।
শুধুমাত্র বছরের একটি দিন তারা গ্রামে আসেন। লক্ষ্মী পুজোর দিন। লক্ষ্মী পুজোর দিন গ্রামের মাঝে লক্ষ্মী মন্দিরে প্রতিমা প্রতিষ্ঠিত হয়। সেখানে পুজো হয়, ভোগ রান্না হয় সারা দিন রাত ধরে উৎসব চলে। পরদিন সকালে প্রতিমা ভাসানোর পর আবার সবাই নিজের নিজের জায়গায় ফিরে যান। গ্রামবাসীদের জিজ্ঞেস করা হলে কেউ বলেন তারা ফিরতে চান। কেউ বলেন তারা আর কোনোদিনই ফিরবেন না।
গ্রামে এখন প্রমোটিং হচ্ছে। অন্যান্য জায়গার লোকেরা গ্রামের পাশে জমি কিনছেন। কিন্তু গ্রামের মানুষরা কেন ফিরতে চাইছেন না গ্রামে তা কিন্তু রহস্যই থেকে গেছে। তবে কি কোনো অজানা কারণে গ্রামের মানুষরা আর ফিরবেন না গ্রামে।
এমন প্রশ্নই বেনাগ্রামের আকাশে বাতাসে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান, গ্রামবাসীরা ফিরতে চাইলে ওনাদের সব ব্যবস্থা করে দেব। ইতিমধ্যেই রাস্তা হয়েছে। বাসিন্দারা গ্রামে এলেই পানীয় জলের সংযোগ ও বিদ্যুৎ এনে দেওয়া হবে।

Post a Comment