প্রেমিকাকে পরিকল্পনা করে বাইকে করে ডেকে নিয়ে গিয়ে খুন করলো প্রেমিক
দি নিউজ লায়ন ; ত্রিকোণ প্রেমের পরিণতিতে প্রাক্তন প্রেমিকাকে পরিকল্পনা করে বাইকে করে ডেকে নিয়ে গিয়ে খুন করে প্রেমিক। এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। জয়নগরের রাজাপুর-করাবেগের অভয়নগরে মহিলার কাটা মুন্ডুর রহস্যর যবনিকায় অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। হাওড়া স্টেশন থেকে যোধপুর এক্সপ্রেস ধরে পালাতে গিয়ে মঙ্গলবার রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানার পুলিশ যৌথ তল্লাশিতে তাদের গ্রেপ্তার করে।
বুধবার সকালে জয়নগর থানায় সাংবাদিক বৈঠকে বারুইপুর এস ডি পিও অভিষেক মজুমদার বলেন, অভিযুক্ত প্রেমিক ফরমান লস্কর,নতুন প্রেমিকা মনিরা সাউ, প্রেমিকের বন্ধু আতিয়ার রহমান খান। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রেনের তিনটে টিকিট,ব্যাগ ও ধারালো অস্ত্র। বুধবার দুপুরে অভিযুক্তদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
গত ১৬ অক্টোবর জয়নগরের ধোসা-চন্দনেশ্বর ও রাজাপুর-করাবেগের মধ্যবর্তী এলাকায় রাস্তায় এক মহিলার মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়। খাল থেকে উদ্ধার হয় রক্তাক্ত মুন্ডু। আই সি অতনু সাঁতরা ও স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে দুটি টিম গঠন হয়। পুলিশ জানতে পারে মহিলার নাম আলেয়া বিবি(৪০)। বাড়ি মন্দিরবাজারের লক্ষ্মীনারায়নপুরে।
তিন সন্তানের মা আলেয়ার সাথে কয়েকবছর আগে অবৈধ প্রেমের সম্পর্ক হয় অভিযুক্ত কুলতলির মেরিগঞ্জের ফরমানের। ফরমানও বিবাহিত। তপসিয়ায় চামড়ার কারখানায় কাজের সুবাদে দুইজনের মন দেওয়া-নেওয়া হয়।
আলেয়া ফরমানকে বিয়ে করে আবার ঘর বাঁধতে চাইছিল। কিন্তু, এই সম্পর্কে তাদের মাঝে এসে পড়ে মন্দিরবাজারের যুবতী মনিরা। মনিরা স্বামী পরিত্যক্তা। মনিরার প্রেমে পড়ে ফরমান। বাড়তে থাকে আলেয়ার সাথে দূরত্ব। আলেয়াকে জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। পাশে পায় নতুন সঙ্গিনী মনিরাকে।
১৪ অক্টোবর আলেয়াকে ফোন করে নতুন করে ঘর বাঁধার সপ্ন দেখায় ফরমান। তাকে জীবনতলায় ডেকে নিয়ে আসা হয়। সেখানে মনিরাও ছিল। ১৫ অক্টোবর আলেয়াকে বাইকে করে রাজাপুর-করাবেগের এলাকার দিকে নিয়ে আসে ফরমান। সেখানে তাঁকে গলা টিপে মেরে পরে মৃত্যু নিশ্চিন্ত করতে ধারালো অস্ত্র দিয়ে মুন্ডু কেটে খালে ফেলে দেয় ফরমান।

Post a Comment