নকল সোনার হার বিক্রি করতে গিয়ে গ্রেফতার তিন
দি নিউজ লায়ন ; নকল সোনার হার বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গেলো তিনজন। এই তিন জনের মধ্যে এক মহিলাও আছেন। ঘটনা কেতুগ্রাম থানার কাঁদরা বাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ওই তিনজন কান্দরা হাটতলায় তুষার মণ্ডলের সোনারূপোর গহনার দোকানে আসেন একটি হার নিয়ে। তারা তুষারবাবুকে জানান জরুরি প্রয়োজনে এই সোনার হারটি বিক্রি করতে চাই। তুষারবাবু জানান প্রাথমিকভাবে পরীক্ষা করার পর তিনি ২৮ হাজার টাকা হারটির মূল্য বাবদ দিয়ে দেন ওই তিনজনকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুষারবাবুর দোকান থেকে ওই তিনজন চলে যান কাছাকাছি শেখর দাস নামে এক জুয়েলারি দোকানে। সেখানে গিয়ে একইরকম একটি হার দেখিয়ে বিক্রি করতে চায় ওই তিনজন। তবে হার পরীক্ষা করে শেখরবাবু খবর দেন তুষারবাবুকে। তুষারবাবু বিষয়টি শোনার পর শেখর দাসের দোকানে চলে আসেন। তখন তিনি তিনজনকে চিনতে পারেন। তারপর শুরু হয় জিঞ্জাসাবাদ।
এরপরই আসল রহস্য বেড়িয়ে আসে। তুষার মণ্ডল সাংবাদিকদের বলেন, "ওপরে সোনার জল ধরিয়ে ইমিটেশন হার সোনা বলে ওরা দোকানে দোকানে ঘুরে বিক্রি করার চেষ্টা করছিল। এইভাবে ওরা জুয়েলারি দোকানমালিকদের ঠকায়।"
রবিবার বিকেলে ব্যবসায়ীরা পুলিশ ডেকে ওই তিন জনকে পুলিশের তুলে দেয়। পুলিশ জানায় ধৃতদের নাম বিশ্বজিৎ দাস, কৃষ্ণেন্দু ধাড়া ও রমা মণ্ডল। এদের মধ্যে প্রথমজনের বাড়ি বর্ধমান শহরের সর্বমঙ্গলাপাড়ায়। বাকি দুজন বীরভূম জেলার বোলপুর শহরের হাটতলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Post a Comment