কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার যুবক
দি নিউজ লায়ন ; এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার এক যুবক। বন্ধুর জন্মদিনে যোগ দেওয়ার পর নিজের বাড়িতে ফেরার পথে রাস্তায় যৌন হেনস্থার শিকার হল এক বছর ষোলোর কিশোরী। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ দেবনাথ পাড়া এলাকায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযুক্ত সুজন দেবনাথ (২৬) কে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশীলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর ষোলোর ওই কিশোরী গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে স্বরূপগঞ্জে গিয়েছিলেন।
কিশোরীর পরিবারের অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠান সেরে আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ সাইকেলে করে নিজের বাড়ি ফিরছিল কিশোরী। কিশোরীর অভিযোগ, স্বরূপগঞ্জের দেবনাথপাড়ার কাছে আসতেই স্থানীয় যুবক সুজন দেবনাথ তার পথ আটকায়। এরপর তাকে মুখ চেপে ধরে বলপূর্বক তাকে রাস্তার পাশে থাকা ঝোপ জঙ্গলে নিয়ে যায়। এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করে।
এই সময় নির্যাতিতা কিশোরীর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ছুটে আসতে দেখে অভিযুক্ত যুবক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ওইদিন রাতেই অভিযুক্ত সুজন দেবনাথের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় খোঁজ চালাতে শুরু করে, এদিন সন্ধ্যায় সুজন দেবনাথ কে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার অভিযুক্তকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠানোর পাশাপাশি আক্রান্ত নাবালিকাকে গোপন জবানবন্দির জন্য আদালতে পাঠায় পুলিশ।

Post a Comment