প্রাক্তন প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা
দি নিউজ লায়ন ; কিছুদিন ধরেই চিড় ধরছিল পুরনো সম্পর্কে। তারই প্রতিশোধ নিতে ধারালো অস্ত্র দিয়ে নাবালিকাকে খুন করার চেষ্টা করলো প্রেমিক। পুলিশের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় অঞ্চলের কাঁঠালিয়া গ্রামে।
বুধবার ৯ই সেপ্টেম্বর সন্ধে সাতটা নাগাদ ১৪ বছরের এক নাবালিকার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করার চেষ্টা করে প্রেমিক আশফাক মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙড়ের কাঁঠালিয়ার ওই নাবালিকার সঙ্গে প্রায় দুবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল কাশীপুরের আশফাকের। গত ছয় মাস আগে সেই সম্পর্কে চিড় ধরে। তারই জেরে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে আশফাক।
প্রতিশোধ নেওয়ার অভিসন্ধি নিয়েই এদিন মদ্যপ অবস্থায় নাবালিকা প্রেমিকার বাড়ি চড়াও হয় সে। সে সময় মেয়েটির বাড়িতে তার বোন ছাড়া কেউ ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই প্রেমিকাকে খুনের পরিকল্পনা করে আশফাক। তার সঙ্গে ছিল একটি ধারালো অস্ত্র। ওই অস্ত্র দিয়েই নাবালিকা প্রেমিকাকে নৃশংস ভাবে আঘাত করে জখম করে সে।
অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় নাবালিকা। রক্তাক্ত নাবালিকা ও তার বোনের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরাও। লোক জড়ো হওয়ায় বিপদ বুঝে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে আশফাক। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর জেরায় প্রেমিকাকে খুনের চেষ্টার বিষয়টি স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।
গোটা ঘটনার পেছনে অন্য আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা অন্যদিকে জখম নাবালিকাকে প্রাথমিকভাবে স্থানীয় নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করেছেন।

Post a Comment