আজ থেকে শুরু দুর্গাপূজার ক্ষণগণনা
আজ মহালয়া। আজ থেকে দেবীপক্ষের শুরু। শুরু হবে দুর্গাপূজার ক্ষণগণনাও। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুরু। আজ ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হবে। প্রতিমার চোখে রংতুলির আঁচড়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই দিনে কৈলাশ থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করবেন। দেশের বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার আগমনী বার্তায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হবে।
এ উপলক্ষে আজ ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সারাদেশের মন্দির আর পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারির কারণে এবার দুর্গাপূজার বাজনা তেমন না বাজলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আগামী ২২ অক্টোবর পূজা শুরু হবে। পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৬ অক্টোবর।
পুরাণে আছে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। চারদিকে অশুভের প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হলেন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজোরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার পিতৃগৃহে আসবেন দোলায়, আর ফিরে যাবেন গজে।
Post a Comment