দেশে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে ৫০০ শতাংশ
`Cocon 2020′ শীর্ষক এক সাইবার অপরাধ সংক্রান্ত আলোচনাসভায় অজিত দোভাল জানান দেশে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে ৫০০ শতাংশ। সাইবার অপরাধ সংক্রান্ত জ্ঞান না থাকা বা সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন না হওয়াই এই অপরাধের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করছেন তিনি। আর সেই কারনে দেশবাসীকে সতর্ক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
এক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নিজের বক্তব্য পেশ করে দোভাল বলেন কেন্দ্র সদা সচেষ্ট সাইবার অপরাধ মোকাবিলায়। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই সম্পর্কে সচেতনতা যথেষ্ট কম। সেই সচেতনতা গড়ে তোলার কাজ করতে হবে।
অজিত দোভালের বক্তব্য, লকডাউনের জেরে অনলাইন বা ডিজিটাল পদ্ধতির ওপরে নির্ভরতা বেড়েছে। কিন্তু এই পদ্ধতি সম্পর্কে সম্যক জ্ঞান না থাকায় সাইবার অপরাধের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিন দোভাল বলেন, এই লকডাউনের সুযোগ নিয়ে একাধিক ভুয়ো অ্যাপ বাজারে এসেছে, যা ব্যক্তিগত নিরাপত্তা তো বটেই, দেশের নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি হতে পারে।
এই বিষয়ে বলতে গিয়ে দোভাল আরোগ্য সেতু অ্যাপের উদাহরণ দেন। তিনি বলেন একধিক ভুয়ো আরোগ্য সেতু অ্যাপ রয়েছে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ারস ফান্ডের ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যে একাধিক ভুয়ো অ্যাপ তৈরি হয়ে গিয়েছে।
সাধারণ মানুষের টাকা হাতানো এই ভুয়ো অ্যাপগুলির যেমন লক্ষ্য, তেমনই ক্ষতি হতে পারে সাধারণ মানুষের ব্যক্তিগত সুরক্ষিত তথ্যের বলে এদিন জানান দোভাল। তিনি বলেন ভুয়ো অ্যাপগুলি মূলত টার্গেট করেছে ১০ হাজারেরও বেশি মানুষ ও সংস্থাকে।
এই ইস্যুতে কেন্দ্রের তরফে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। যারা মূলত চিনা ভুয়ো অ্যাপগুলির ওপর নজরদারি চালাবে বলে জানানো হয়েছে। এই বিষয় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক একটি সতর্কবার্তাও জারি করেছে বলে জানা গিয়েছে।

Post a Comment