রাজ্যের মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করালেন মুকুল রায়
রাজ্যের মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করালেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। বিজেপির তরফে মুকুল রায় যে আগামী বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন, শনিবারের দায়িত্ব পাওয়া থেকে তা কার্যত পরিষ্কার হয়ে গেল। ২০১৯-এর লোকসভা ভোটে নিজের কর্ম কুশলতার জানান দিয়েছেন মুকুল রায়। শনিবার তাঁকে সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয়েছে।
যাতে তিনি স্বভাবতই খুশি। এদিন পুরুলিয়ায় তিনি বলেন, এই রাজ্যে তিনি জন্মেছেন। তাই এই রাজ্যের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। পুরুলিয়া সফরে দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করেন মুকুল রায়। তিনি বলেন, বিজেপি বড় মাঠ। সেই মাঠে উন্মুখ হয়ে থাকা মানুষ ভর্তি হয়ে থাকছেন।
একইসঙ্গে তিনি উল্লেখ করেন পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার, অসমেও নির্বাচন রয়েছে। এক্ষেত্রেও তাঁকে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন মুকুল রায়। এদিন মুকুল রায় তৃণমূল থেকে জনপ্রতিনিধিদের যোগদান সম্পর্কে কিছু বলতে রাজি হননি। তবে অনেকেই যে প্রস্তুত তার ইঙ্গিত করেছেন।

Post a Comment