চট্টগ্রাম বন্দর এবার নতুন রেকর্ড গড়লো খোলা পণ্য উঠানামায় - The News Lion

চট্টগ্রাম বন্দর এবার নতুন রেকর্ড গড়লো খোলা পণ্য উঠানামায়




চট্টগ্রাম প্রতিনিধি,বাংলাদেশ ; এবার চট্টগ্রাম বন্দর নতুন রেকর্ড গড়লো সাধারণ বা বাল্ক পণ্য উঠানামায়। বন্দর জেটিতে ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৩১৩ টন বাল্ক পণ্য উঠানামা করে নজির স্থাপন করলো দেশের প্রধান এই সমুদ্রবন্দর। এর আগে কন্টেইনার পণ্য উঠানামায় বিভিন্ন ধরনের রেকর্ড ছিল এই বন্দরের। সর্বশেষ বহির্নোঙের আসার পর মাত্র ৬ ঘন্টায় জাহাজ ভিড়ার রেকর্ড করেছিল বন্দর কর্তৃপক্ষ। অর্থ্যাৎ অন এরাইভাল বন্দর হিসেবে নতুন পরিচিতি পেয়েছিল চট্টগ্রাম বন্দর। কিন্তু সাধারণ পণ্য উঠানামায় রেকর্ড এই প্রথম।


বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর ট্রাফিক কর্মকর্তা বলেন, ‌তিনটি কারণে সাধারণ পণ্য উঠানায় এই রেকর্ড হয়েছে। একটি হচ্ছে একসাথে ৯টি বাল্ক বা খোলা পণ্যের জাহাজ ভিড়তে দেয়া, দ্বিতীয়টি হচ্ছে শুক্রবার থাকায় দ্রুত পণ্য ডেলিভারি হয়েছে; তৃতীয়টি হচ্ছে শুক্রবার খুব ভালো আবহাওয়া ছিল ফলে কন্টেইনার উঠানামায় কোন ধরনের ব্যাঘাত ঘটেনি। সেই সাথে বন্দরে বার্থ অপারেটরের কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে ফলে বার্থ অপারেটরদের দক্ষতার পাশাপাশি শ্রমিকদের মনোবল খুব ভালো ছিল। সবমিলিয়ে এই সাফল্য আসলো।


তিনি বলেন, গত ৫ বছরের রেকর্ড ঘেটে দেখেছি বাল্ক পণ্য উঠানামায় এমন রেকর্ড নেই। অতীতে এর চেয়ে কম পণ্য উঠানামা হতো। ফলে বলা যায় এটাই সর্বোচ্চ রেকর্ড।


 জানা গেছে, চট্টগ্রাম বন্দরের জেটি-টার্মিনাল  মিলিয়ে ১৮টি জেটি আছে। এরমধ্যে মুল জেটিতে (জিসিবি) সাধারণত ৫ থেকে ৬টি সাধারণ পণ্যের জাহাজ ভিড়ার সুযোগ দেয় বন্দর কর্তৃপক্ষ। বাকি ১২টি জেটিগুলোতে কন্টেইনার জাহাজ ভিড়ানো হয়। কারণ কন্টেইনারেই সবচে বেশি পণ্য পরিবহন হয়।


 কিন্তু বহির্নোঙর থেকে জেটিতে ভিড়ার অপেক্ষমান কন্টেইনার জাহাজ সংখ্যা কম থাকায় আমরা একসাথে ৯টি বাল্ক বা খোলা পণ্যের জাহাজ ভিড়ার সুযোগ দেই। সাথে সব কিছু অনুকুলে থাকায় ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৩১৩ টন পণ্য উঠানামার রেকর্ড গড়ে বন্দর কর্তৃপক্ষ।


বন্দর কর্মকর্তারা বলছে, সাধারণ সময়ে ৬টি জেটিতে ২৪ ঘন্টায় আমরা সর্বোচ্চ ১৮ থেকে ২০ হাজার টন পণ্য উঠানামা করে থাকি। গত ২৪ ঘন্টায় রেকর্ড হলো ৩৬ হাজার ৩১৩ টন।


জানতে চাইলে বার্থ অপারেটর এ ডাব্লিউ খানের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আহমদ বলেন, ‌আমরা প্রত্যেক বার্থ অপারেটর ৪০ বছর ধরে বন্দরে পণ্য উঠানামার কাজ করছি অত্যন্ত সুচারুরূপে। আমাদের জেটিগুলো অনেক পুরানো এরপরও আমরা নিজস্ব কিছু কৌশল অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করে যাচ্ছি। 


আমরা রেকর্ড নিয়ে কখনোই ভাবিনি। শুধু রেকর্ড গড়ার জন্যও কাজ করি না। আমরা লক্ষমা্ত্রা অনুযায়ী কাজ করছি নিরবচ্ছিন্নভাবে ও আন্তরিকতার সাথে। এখন হয়তো সবকিছু ব্যাটে-বলে হয়েছে সেজন্য খোলা পণ্যে এই রেকর্ড গড়েছে। এটা বন্দরের এগিয়ে যাওয়ার জন্য এবং বন্দর ব্যবহারকারীদের মনোবল বাড়াতে অনেক বেশি সহায়ক হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.