নদীয়ায় নার্সকে গুলি করে খুন
দি নিউজ লায়ন ; বাড়িতে নার্সকে গুলি করে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জে। নিহত নার্সের নাম স্বপ্না বিশ্বাস (৩৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নার্সের বাড়ি থেকে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই নার্সকে প্রথমে গ্রামীণ হাসপাতাল পরে সেখানে অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানেই রাতে মৃত্যু হয় তার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গুলি করে খুন করা হয়েছে স্বপ্নাকে। যদিও কি কারণে খুন এখনো স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুনি নিহতের পরিচিত ছিল। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩ বছর ধরে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন স্বপ্না বিশ্বাস। আচমকা কি কারণে তাকে খুন করা হলো তা নিয়ে ধন্দ্বে প্রতিবেশীরাও। তারা চান পুলিশ দ্রুত খুনিকে গ্রেপ্তার করুক।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে ওই নার্সকে। ব্যক্তিগত শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ চেষ্টা চলছে। পাশাপাশি নিহত স্বপ্না বিশ্বাস যে গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন সেখানে খোঁজখবর চালাচ্ছে পুলিশ। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Post a Comment