চট্টগ্রামে মহালয়ায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু
চট্টগ্রাম প্রতিনিধি, বাংলাদেশ ; বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)। সেই সঙ্গে শুরু হচ্ছে দুর্গাপূজার ক্ষণগণনা। তবে এ বছর মলমাসের কারণে ৩৫ দিনপর অর্থাৎ ২২ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয়া দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। দশভুজা দেবীর আরাধনা সূচিত হয় মহালয়ার মাধ্যমে। চণ্ডীপাঠ, মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে ভক্তকুল মর্ত্যলোকে আহ্বান জানান দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে।
করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মহালয়ার বিভিন্ন কর্মসূচি। নগরের জেএম সেন হলে চণ্ডীপাঠের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের এই কর্মযজ্ঞের শুরু হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার জানান, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার মহালয়ার বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। ইতোমধ্যে সকাল ৮ টায় চণ্ডীপাঠ এবং ১০ টায় মহালয়া পূজা অনুষ্ঠিত হয়েছে।
এরপর বেলা ১ টায় অঞ্জলি প্রদান ও দুপুর দেড়টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বিকাল ৩ টায় ধর্মীয় আলোচনা সভা এবং বিকাল ৪ টায় শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুধু তাই নয়, জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নগরের মতোই স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫ টি উপজেলায় সীমিত পরিসরে মহালয়া উদযাপনের জন্য আহ্বান জানানো হয়েছে।
জানা যায়, আগামী ২১ অক্টোবর পঞ্চমী তিথি, ২২ অক্টোবর সন্ধ্যায় ষষ্ঠী তিথিতে দেবীর বোধন, ২৩ অক্টোবর সপ্তমী, ২৪ অক্টোবর মহাঅষ্টমী, ২৫ অক্টোবর মহানবমী এবং ২৬ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের চট্টগ্রামে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ও উৎসব।

Post a Comment