এবার শুঁটকির টাকা নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন নিহত - The News Lion

এবার শুঁটকির টাকা নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন নিহত




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবার শুঁটকি মাছের টাকা নিয়ে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ঈশান মিয়া (২০) এবং মনির হোসেন (২৫)। এ ঘটনার অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 


পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুঁটকি ব্যবসার পাওনা কোটি টাকা নিয়ে মিজান মিয়ার সাথে একই এলাকার আলী আজমের বিরোধ ছিল। বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় মিজান মিয়ার ছেলে ঈশান তার চাচাত ভাই মনিরকে সঙ্গে নিয়ে আলী আজমের কাছে টাকা চাইতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে আলী আজমের লোকজন ঈশান তার চাচাত ভাই মনিরের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা এবং আঘাত করে। এতে ঘটনা স্থলেই ঈশান এবং মনির হোসেন নিহত হয়। 


এ ঘটনায় ছুরিকাঘাতে তফসির এবং রাসেল নামে অপর দুই যুবক আহত হয়। ঘটনার পর আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ঈশানের চাচা শাহ আলম জানান, দীর্ঘ দিন ধরে আলী আজম তার লোকজন মিজানুর রহমানের পাওনা কোটি টাকা নিয়ে নানা তালবাহানা করতে থাকে। এ নিয়ে এলাকায় একাধিক শালিশ দরবারও হয়। 


তবে কোনো সুরাহা হয়নি। সন্ধ্যায় পাওনাদার মিজানুর রহমানের ছেলে আমার ভাতিজা ঈশান অপর ভাতিজা মনিরকে নিয়ে টাকা চাইতে গেলে আলী আজম এবং তার লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ছুরি এবং টেঁটার আঘাতে ঘটনা স্থলেই দুইজন নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউনুছ আলী সংবাদমাধ্যমকে জানান, ঘটনার খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হাসপাতালে এসেছি। আমরা ঘটনার খোঁজখবর নিচ্ছি।


 দুইজন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফয়েজুর রহমান ফয়েজ জানান, হাসপাতালে আসার আগেই ঈশান মিয়া এবং মনির হোসেন নিহত হয়েছে। নিহতদের শরীরে বিভিন্ন স্থানে ছুড়ি এবং টেঁটার আঘাত রয়েছে। আহত তফসির ও রাসেল এর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.