ঢাকায় অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় ৬ ফার্মেসিকে পৌনে ৯ লাখ টাকা জরিমানা
ঢাকা প্রতিনিধি : অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ঢাকার বনানীতে ছয়টি ফার্মেসিকে আট লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) ভ্রাম্যমাণ আদালত। বনানী-২ কাঁচাবাজার এলাকায় আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এ জরিমানা করেন। র্যাব-৪’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং অভিযানের সহায়তা করেন।
অভিযানের তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি সংবাদমাধ্যমকে জানান, ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া এবং আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে বনানী-২ কাঁচাবাজার এলাকার ছয়টি ফার্মেসিতে অভিযান চালানো হয়।
অনিয়মের প্রমাণ পাওয়ায় ফার্মেসিগুলোকে আট লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফার্মেসিগুলো হলো- মানহা ফার্মেসি-১, মানহা ফার্মেসি-২, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২, আমেনা ফার্মেসি, মক্কা ফার্মেসি, ঈশান ফার্মেসি। এদের মধ্যে ঈশান ফার্মেসিকে পাঁচ লাখ, বিসমিল্লাহ ফার্মেসিকে দেড় লাখ, মানহা ফার্মেসির দুটি শাখাকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ফার্মেসিগুলোসহ মোট আট লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Post a Comment