স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে প্রেমিকাকে বালিশ চাপা দিয়ে হত্যা
ঢাকা প্রতিনিধি : স্ত্রী পরিচয় দিয়ে ঢাকার একটি আবাসিক হোটেলে কথিত প্রেমিকাকে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন মোল্লা (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্র জানায়, মানিকগঞ্জের বাসিন্দা ইয়াসিন সায়েদাবাদের একটি আবাসিক হোটেলের কক্ষে হাবীবা ইয়াসমিন ওরফে লাবনী (৩৫) নামে এক নারীকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।লাবনী ঢাকার বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তার বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তাকে স্ত্রী পরিচয় দিয়ে গত ৩০ জুলাই দুপুরে সায়েদাবাদের আবাসিক হোটেলটিতে ওঠেন ইয়াসিন।
বিকেলে তিনি রুমের বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যান।ডিবি আরও জানায়, রাতে হোটেলের লোকজন রুমটিতে এসে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে লাবনীকে খাটের ওপর জ্ঞানহীন অবস্থায় পায়। পরে খবর দিলে যাত্রাবাড়ী থানার পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এছাড়া যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলাও করে পুলিশ।
ইয়াসিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবির একাধিক কর্মকর্তা জানান, সিলেটের জাফলংয়ে দেড় বছর আগে লাবনীর সঙ্গে তার পরিচয় হয়। সম্পর্কের জের ধরে গত ৩০ জুলাই দুপুরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেল ওঠেন। লাবনীর মোবাইলে একটি ফোন আসায়, সেটি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। ক্ষিপ্ত হয়ে লাবনীর গলা টিপে ধরেন ইয়াসিন। পরে নাক-মুখে বালিশ চাপা দিয়ে প্রেমিকাকে হত্যা করে তিনি পালিয়ে যান।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘টানা চার দিন ধরে অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

Post a Comment