হাওড়ায় চাইল্ড কোর্ট উদ্বোধন
দি নিউজ লায়ন ; হাওড়া আদালতের চাইল্ড ফ্রেন্ডলি (পকসো) কোর্টের নতুন ভবনের উদ্বোধন হল। শুক্রবার সকালে ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন হাইকোর্টের চিফ জাস্টিস টি বি রাধাকৃষ্ণাণ। হাওড়া আদালতে এতদিন পকসো মামলা চলত অন্যান্য অভিযুক্তদের সঙ্গেই।
এতে মামলা চালাতে অনেক সমস্যা হত। সেই কারনেই পকসো মামলার জন্য নতুন ভবন তৈরি করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।শিশুদের পকসো আইনে বিচারের জন্যই হাওড়া আদালতে চালু হল নতুন পকসো কোর্ট রুম। শুক্রবার সকালে এই শিশুদের উপযোগী কোর্ট রুম ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হয়।
হাওড়া আদালত সূত্রের খবর, ২০১৫ সালে হাওড়া আদালতে একটি পৃথক পকসো কোর্ট রুমের নির্মাণকাজ শুরু হয়। এই রুম নির্মাণে প্রায় ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এই কোর্ট রুমের বিশেষত্ব হল, শিশুরা সরাসরি অভিযুক্তের মুখোমুখি হবে না। কোর্ট রুমের ভিতরে বিচারকের বসার জায়গার সামনেই থাকবে একটি এলইডি স্ক্রিন।
পাশে থাকবে অভিযুক্তের ঘর। সেইখানে নিগৃহীত শিশু ক্যামেরার ব্যবহারে সরাসরি দেখতে পাবে অভিযুক্তকে। শিশুদের জন্য থাকবে আলাদা প্লে রুম। তাদের মনোরঞ্জনের জন্য রাখা থাকবে নানা ধরনের খেলনা এবং দেওয়াল জুড়ে রয়েছে নানা জনপ্রিয় কার্টুন চরিত্র। যা নিগৃহীত শিশুটির কাছে আরামদায়ক হতে পারে।
এর পাশাপাশি শিশুটি তার বাবার মায়ের সঙ্গেও ওই একই রুমে জেরা চলাকালীন থাকতে পারবে। এছাড়াও কোর্ট রুমের ভেতরে শিশুর সঙ্গে বিচারকের আলাদা ভাবে কথা বলার জন্য ভিন্ন একটি রুম একই ভাবে সাজানো থাকবে।

Post a Comment