ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে ৯ কেজি স্বর্ণের বারসহ নারী আটক
ঢাকা প্রতিনিধি : ভারতে পাচারের সময় বাংলাদেশের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে আটককৃত বানেছা খাতুন (৩৫) নামের ওই নারী বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা সংবাদামাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখুমিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের মোট ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন নামে এক নারীকে আটক করা হয়।
পরে আটক নারীকে বেনাপোল বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূ স্বীকার করেছে, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে।
বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। বিজিবি স্বর্ণের মূল মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে, শনিবার সকালে আটক বানেছা খাতুনকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।

Post a Comment