করোনায় বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের ফেরাতে কেন্দ্রের নির্দেশ - The News Lion

করোনায় বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের ফেরাতে কেন্দ্রের নির্দেশ




সেতু নিউজ ডেস্ক : মহামারী করোনাকালে বাংলাদেশে আটকে পড়া আড়াই হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারকে ফের নির্দেশ দিলো কেন্দ্রীয় সরকার।সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, গত মার্চ থেকে অনেক ভারতীয় বাংলাদেশে মানবেতর জীবন-যাপন করছেন।


লকডাউন শুরু পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ফিরতে দিলেও নিজের নাগরিকদের ফেরত নিতে ‘গড়িমসি’ করছে।প্রতিবেদনে আরও বলা হয়, কেন্দ্রীয় সরকার থেকে কয়েক সপ্তাহ আগেও ছয়টি বন্দর দিয়ে আটকে পড়া নাগরিকদের ফেরানোর আহ্বান জানায়। কিন্তু কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি।আটকে পড়া ভারতীয়দের অভিযোগ, প্রতিদিন তারা হাইকমিশনে ফোন করলেও তেমন কোনো সাহায্য পাচ্ছেন না। শুধু বলা হচ্ছে, ‘অনুমতি আসেনি’।



ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোড়াইস্বামী পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে ইতিমধ্যেই চিঠি লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, আমাদের মিশন থেকে জানা গেছে দুই হাজার ৩৯৯ জন পেট্রাপোল-বেনাপোল দিয়ে দেশে ফিরতে চান। ফুলবাড়ি-বাংলাবান্ধা দিয়ে ফিরতে চান আরও ২৮১ জন। বাংলাদেশে আটকে পড়া এই মানুষগুলো নিদারুণ অসহায়ত্ব নিয়ে আছেন।



অনেকে বিভিন্ন স্কুলের বারান্দা এবং পাবলিক পার্কে দিন কাটাচ্ছেন। এদের অধিকাংশ অদক্ষ কিংবা অল্পদক্ষ শ্রমিক। কেউ কেউ আবার আত্মীয়র বাড়িতে বেড়েতে গিয়েছিলেন।আটকে পড়াদের ফেরাতে বিশেষ ট্রেন চালু করা যায় কি না, সে ব্যাপারেও আরেকটি চিঠি দেওয়া হয়েছে ভারতীয় রেলের কাছে।



বাংলাদেশে আটকে পড়া পার্থ পাল চৌধুরী নামের এক ভারতীয় নাগরিক বলেন, ‘কেন্দ্রীয় সরকার থেকে বিশেষ ফ্লাইটে দিল্লি নেওয়া হচ্ছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যারা আছি, তাদের জন্য দিল্লি যাওয়া বেশি ঝুঁকির। অনেক মধ্যবিত্ত এখানে আটকা পড়েছেন। বিমানে দিল্লি যাওয়ার সামর্থ্য তাদের নেই।



আমরা স্থলবন্দর দিয়ে ফিরতে চাই। এখন পর্যন্ত কয়েক’শ বার যোগাযোগ করলেও পশ্চিমবঙ্গ সরকার গড়িমসি ভাব দেখাচ্ছে।’তিনি আরও জানান, তাদের মধ্যে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। আটকে পড়া অধিকাংশ মানুষের কাছে এখন সাধারণভাবে চলার মতো অর্থও নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.